সম্প্রতি অধিনায়ক বাবর আজমের সঙ্গে পেসার শাহিন আফ্রিদির কথার লড়াই এবং অধিনায়কত্ব প্রসঙ্গে সরগরম পাকিস্তানের সংবাদমাধ্যম। বাবরের পরিবর্তে অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদির নামে গুঞ্জন চলছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই তারকা পেসারের শ্বশুর শহীদ আফ্রিদি।
মূলত এসব বিতর্কের শুরু এশিয়া কাপের সুপার ফোর থেকে পাকিস্তানের বিদায়ের পর। তখনই বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা শুরু হয়। এমনকি পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিতে বাবরের সমালোচনা করে শহীদ আফ্রিদি বলেন, বিশ্রাম নীতি অনুসারে বাবরের খেলা উচিত ছিল। একাদশে পরিবর্তন নিয়ে পাকিস্তান খেলতে পারতো।
এরপরই শাহিন আফ্রিদিকে অধিনায়ক বানাতে তিনি এমন মন্তব্য করেন বলে গুঞ্জন ওঠে। যদিও বাবরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করেননি আফ্রিদি। অথচ সামাজিকমাধ্যমে গুঞ্জন ছড়ায়, শাহিনকে পাকিস্তানের অধিনায়ক হিসেবে চান শহীদ আফ্রিদি।
যা শুনে রীতিমতো বিস্মিত হয়েছেন সিনিয়র আফ্রিদি। সাবেক এই স্পিন অলরাউন্ডার বলছেন, ‘আমি বুঝতে পারছি না কেন তারা এসব কথাবার্তা বলছেন। যদিও আমি আমার মতামত জানিয়েছি সামা টিভিতে। তবে তারা এটাকে ভিন্নভাবে নিয়েছে। আমিই একমাত্র ব্যক্তি যে শাহিনকে অধিনায়কত্ব থেকে দূরে রাখতে বলেছি।’
উল্লেখ্য, শাহিনের নেতৃত্বে পাকিস্তান সুপার লিগে ২০২২ ও ২০২৩ দুই মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর কালান্দার্স।
Leave a Reply