গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত গার্মেন্টস শ্রমিক মো. জামাল উদ্দিন (৪০) নামের আরও একজন মারা গেছেন। তিনি ইসলাম গার্মেন্টসের শ্রমিক ছিলেন।
শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টা দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে আঞ্জুয়ারা খাতুন নামের একজন নারী শ্রমিক পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন।
জামাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে জালাল উদ্দিন নামে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ হয়েছিলেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউর ৬ নম্বর বেডে মারা যান তিনি।
তিনি আরও জানান, তার বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার ঘাসালি বাজার এলাকায়। তার বাবার নাম চান মিয়া।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ী জুরুন এলাকায় পুলিশের গুলিতে মারা যান ইসলাম গ্রুপ নামের একটি গার্মেন্টসের শ্রমিক আঞ্জুয়ারা খাতুন। সেই সময় গুলিবিদ্ধ হন জামাল উদ্দিন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে তিন আইসিইউতে ভর্তি ছিলেন।
Leave a Reply