অভিষেক শর্মার ঝড়ো ইনিংস ও মার্করামের ফিফটিতে চেন্নাই সুপার কিংসকে হারালো সানরাইজার্স হায়দরাবাদ। ৬ উইকেটে জয় পায় তারা।
আগের ম্যাচে পরাজয়ের পর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিলো চেন্নাই সুপার কিংসের। কিন্তু একাদশে পেইস শক্তি বাড়াতে মুস্তাফিজ বা পাতিরানার কাউকেই পায়নি সিএসকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাস্ট্রের ভিসার প্রক্রিয়ার কাজ শেষ করতে জরুরি ভিত্তিতে ঢাকায় আসেন মোস্তাফিজুর রহমান। তাই চেন্নাইয়ের এই ম্যাচে খেলতে পারেননি তিনি। চোটের কারণে ছিলেন না মাতিশা পাতিরানাও।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬৫ রান তোলে চেন্নাই। শিভাম দুবে ৪৫ ও আজিঙ্কা রাহানে ৩৫ করেন। জবাবে দুর্দান্ত শুরু করেন সানরাইজার্স হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। তবে আসল কৃতিত্বটা অভিষেকের। ১২ বলে ৪টি ছক্কা ও ৩টি চারে খেলেন ৩৭ রানের ইনিংস। ২৪ বলে ৩১ করেন হেড। দারুন ব্যাটিংয়ে ঠিক ৫০ রানে সাজঘরে ফেরেন এইডেন মার্করাম। স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হায়দরাবাদের রানের গতি আটকে দিয়েছিলো চেন্নাই। তবে শেষরক্ষা হয়নি। ৪ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ। এই নিয়ে টানা দুই ম্যাচে হারল চেন্নাই।
Leave a Reply