মার্কিন নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ ও তার সরকারের ভয়ংকর যাত্রা বন্ধ হয়েছে- প্রশ্ন রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেকে খুশি হবেন যে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এসেছে। আমি মনে করি ওটা আরেকটা বিভ্রান্ত করা। আমরা সবসময় বিভ্রান্ত হচ্ছি। এরআগে র্যাবের বিরুদ্ধে সংগঠন হিসেবে হয়েছে। পুলিশের ৯ জনের বিরুদ্ধে হয়েছে। তাতে কী তাদের ভয়ংকর যাত্রা বন্ধ হয়েছে? হয়নি।
মঙ্গলবার (২১ মে) রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আপনারা সবাই জানেন আজকে খবর এসেছে সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কেন? দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করা ও জনগণের বিশ্বাস ক্ষুণ্ন করা। এটা মাত্র একটা ঘটনা এসেছে। আমরা বারবার বলেছি- আওয়ামী লীগ ব্যবহার করেছে রাষ্ট্রযন্ত্রকে। ব্যবহার করার চেষ্টা করছে সেনাবাহিনীকে, বিচারবিভাগ ও প্রশাসনকে। সারা দেশে একটা ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। ভয়ের রাজত্ব তৈরি করেছে।
নেতাকর্মীদের উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, নিজের ঘরকে যদি নিজে সামলাতে না পারি, অন্য কেউ সামাল দেবে না। নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে, নিজের শক্তি দিয়ে তাদের আওয়ামী লীগকে পরাজিত করতে হবে।
এখনও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিএনপির হাজারের বেশি নেতাকর্মী কারাগারে রয়েছেন দাবি করে বিএনপির এই নেতা বলেন, আমাদের দেশনেত্রী কারারুদ্ধ। আমরা বারবার তাকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি করছি। কিন্তু সরকার দিচ্ছে না।
Leave a Reply