লেবাননের পর গাজায় যুদ্ধবিরতির চেষ্টার মধ্যেই মার্কিন মারণাস্ত্রের চালান ইসরাইলের পাঠানোর নথিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এমন অবস্থায় গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।
মার্কিন কংগ্রেস আর ডেমোক্রেট প্রশাসনের একাধিক সূত্রের ভিত্তিতে জানা গেছে ইসরাইলে ৬৮ কোটি মার্কিন ডলারের অস্ত্র পাঠানোর নথিতে সই করেছেন বাইডেন। লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টা না যেতেই এমন উদ্বেগজনক তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গণমাধ্যম।
এই চালানের মধ্যে রয়েছে শত শত ছোট আকারের বিস্ফোরক আর হাজার হাজার উচ্চক্ষমতার বোমা। অস্ত্রের চালানে অনুমোদন পেতে গত কয়েক মাস ধরেই চেষ্টা চালাচ্ছে ইসরাইল বান্ধব কংগ্রেসম্যানরা। গত সেপ্টেম্বরে অস্ত্রের চালানে অনুমোদনের প্রস্তাবটি মার্কিন কংগ্রেসে তোলা হয়। বিশদ পর্যালোচনার জন্য অক্টোবরে পাঠানো হয় কংগ্রেস কমিটিতে।
এদিকে, লেবাননে পাল্টাপাল্টি হামলা থামার সুযোগে গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। ব্যাপক গোলাবর্ষণ হয়েছে উত্তর গাজায়। বিমান হামলায় গুড়িয়ে দেয়া হয়েছে বেইত লাহিয়ায় আবাসিক ভবন আর গাজা সিটিতে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা স্কুল ভবন। ১৩ মাসের বর্বর এই হামলায় হত্যা করা হয়েছে ৪৪ হাজার ২৮২ জনের বেশি ফিলিস্তিনিকে।
Leave a Reply