বুলাওয়েতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৯৯ রানে হারিয়ে ২-১’এ সিরিজ জিতেছে পাকিস্তান। কামরান গুলামের সেঞ্চুরি ও আবদুল্লাহ শফিকের ফিফটিতে ছয় উইকেটে ৩০৩ করেছিলো সফরকারী দল।
বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিকের ব্যাটে শুরুটা দারুণ হয় সফরকারী দলের। আইয়ুব ৩১ করে বিদায় নিলে ভাঙে ৫৮ রানের ওপেনিং জুটি। শফিক অবশ্য ফিফটির দেখা পেয়েছেন। ফেরার আগে ৬৮ বলে ৫০ রান করেন। রিজওয়ান আউট হন ৩৭ করে। এরপর কামরান গুলাম ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করে বড়ো ইনিংসের ভিত গড়েন। ৯৯ বলে ১০৩ রানে গুলামের ফেরার পর শেষ ৩৩ বলে সালমান আগা ও তায়িব তাহির স্কোর ৬ উইকেটে তিনশ’ পার করেন। আগা ২৬ বলে ৩০ করে আউট হলেও তাহির ১৬ বলে ২৯ করে অপরাজিত থাকেন।
জিম্বাবুয়ের সিকান্দার রাজা ৪৭ রানে, রিচার্ড এনগারাভা ৫৫ রানে দুটি করে উইকেট নেন। পাকিস্তানের বোলিং নৈপুন্যে ৪১ ওভার এক বল খেলতে পারে স্বাগতিকরা। অধিনায়ক ক্রেগ আর্ভিনের ৬৩ বলে ৫১ রানে ২০৪-এ শেষ হয় ইনিংস। সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ ও আমের জামাল দুটি করে উইকেট নেন।
সেঞ্চুরির সঙ্গে ৭ রানে একটি উইকেট নিয়ে গুলাম হন ম্যাচসেরা। এই মাসে অস্ট্রেলিয়া সফরেও প্রথম ওয়ানডে হেরে তিন ম্যাচের সিরিজ ২-১’এ জিতেছিলো পাকিস্তান।
Leave a Reply