রবিবার মেলবোর্ন টেস্ট ম্যাচের চতুর্থ দিনের শেষে চাপে ভারতীয় দল। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৯ উইকেটে ২২৮, লিড এখন পর্যন্ত ৩৩৩ রানে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নবম উইকেটের পতন হয় দলীয় ১৭৩ রানে। ফলে অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছিল ভারতীয় শিবির।
কিন্তু ভারতের সেই বাড়া ভাতে ছাই দিলেন ন্যাথান লায়ন ও স্কট বোল্যান্ড। রোহিতদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন এই দুইজনই। যে কারণে অস্ট্রেলিয়ার লিড ছাড়ালো ৩০০। ফলে মানসিকভাবে আপাতত এগিয়ে অজিরাই। দিনের শেষে ৪১ রান করে অপরাজিত লায়ন ১০ রান করে অপরাজিত বোল্যান্ড।
রবিবার মেলবোর্নে নিজেদের জাত চেনালেন ভারতীয় দলের পেসার জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ। ভালো বোলিং করলেও, উইকেট পাননি আরেক পেসার আকাশ দীপ। অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজা পেয়েছেন ১ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে লায়ন-বোল্যান্ডের পাশাপাশি লড়াই করলেন মার্নাস লাবুশেন ও অধিনায়ক প্যাট কামিন্স। এই জুটিই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছে।
৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ৮০ থেকে ৯১ রানের মধ্যে আউট হয়ে যান স্টিভ স্মিথ (১৩), ট্রেভিস হেড (১), মিচেল মার্শ (০) ও অ্যালেক্স কেরি (২)। এই পরিস্থিতিতে লড়াই করেন লাবুশেন ও কামিন্স। ১৩৯ বলে ৭০ রান করেন লাবুশেন। ৯০ বলে ৪১ রান করেন কামিন্স। তাঁদের জুটিতে যোগ হয় ৫৭ রান। এই রান না হলে অনেক আগেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায়। বুমরা ৫৬ রান দিয়ে ৪ উইকেট নিলেন। ৬৬ রান দিয়ে ৩ উইকেট নিলে সিরাজ। ৩৩ রান দিয়ে ১ উইকেট নিলেন জাদেজা।
Leave a Reply