মাঠে গড়িয়েছে বিপিএলের ১১তম আসরের। মিরপুরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বরিশাল। কিন্তু ম্যাচ শুরুর আগে থেকেই চলছে টিকিট নিয়ে বিশৃঙ্খলা। টিকিট-প্রত্যাশী দর্শক টিকিট নিয়ে বিসিবির ‘অবহেলা’র বিরুদ্ধে মিছিলও করেছেন।
আজ দুপুর দেড়টায় বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল মুখোমুখি হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।
বিপিএল শুরুর দিনও টিকিট না পেয়ে ক্ষোভে স্টেডিয়ামের দুই নম্বর গেট ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ দর্শকেরা। এমনকি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দিয়েছিলেন তারা।
বিসিবি গতকাল জানিয়েছিল, মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোন বুকে টিকেট বিক্রি হবে না। টিকিট পাওয়া যাবে অনলাইনে www.gobcbticket.com.bd এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। মধুমতি ব্যাংকের শাখাগুলোতে টিকিট না পেয়েই ক্ষুব্ধ হয়ে উঠেছেন দর্শকেরা। দুই নম্বর গেট ভাঙায় আজ টিম বাসগুলো ২ নম্বর গেট থেকে ঢুকতে পারেনি।
দুর্বার রাজশাহীর টিম বাস মাঠে ঢুকেছে ৪ নম্বর গেট দিয়ে। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত পুলিশের লাঠিপেটা করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত।
Leave a Reply