একদিন আগে থেকেই ক্রিকেটপাড়ায় ছিল গুঞ্জন, চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়তে যাচ্ছেন টাইগার ব্যাটার লিটন দাস এবং পেসার হাসান মাহমুদ। এবার তাই সত্য হলো। এই দুই ক্রিকেটারকে ছাড়াই ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া, অবৈধ বোলিং একশনের দায়ে অভিযুক্ত অলরাউন্ডার সাকিব আল হাসানকেও নেয়া হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। পাশাপাশি, আলোচনায় থাকা বোলিং অলরাউন্ডার শেখ মাহেদিও পাননি সুযোগ। বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
সাম্প্রতিক সময় সাদা বলের ক্রিকেটে লস্বা সময় ধরেই ফর্মহীনতায় ভুগছেন লিটন দাস। এই কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। এদিকে, সৌম্য সরকার চোটে বাইরে থাকলেও তাকে স্কোয়াডে রেখেছে টিম ম্যানেজমেন্ট। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি টপ অর্ডারে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত।
চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ভেন্যু পাকিস্তানের কন্ডিশন বিবেচনায় চার পেসার রেখেছেন নির্বাচকরা। বিমানে চড়ার টিকিট পেয়েছেন তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। আর সাকিব আল হাসানের না থাকায় বাঁহাতি স্পিনারের অভাব পুষিয়ে দিতে দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।
একনজরে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
Leave a Reply