অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মধুর সূচনা করেছে বাংলাদেশেরে কিশোরীরা। নিজেদের প্রথম ম্যাচেই নেপালের মেয়েদের ৫ উইকেটে হারিয়ে আসর শুরু করলো সুমাইয়া আক্তাররা। ডি গ্রুপের ম্যাচে নেপালকে কোনো পাত্তাই দেয়নি জুনিয়র টাইগ্রেসরা।
শনিবার উদ্বোধনী দিনের চতুর্থ ম্যাচে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ১৮.২ ওভার ব্যাটিং করে মাত্র ৫২ রানে অলআউট হয়ে যায় নেপালি কিশোরীরা। জবাবে মাত্র ১৩.২ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে জয় নিশ্চিত করেছে।
এদিন নেপালের ৫জন ব্যাটার রান আউটের শিকার হয়েছেন। আর বাংলাদেশের কিশোরীদের মধ্যে বল হাতে জান্নাতুল মাওয়া ২টি, নিশি, ফাহমিদা ও আনিসা একটি করে উইকেট নেন। আর নেপালের ব্যাটারদের মধ্যে ওপেনার সানা পারভীন ১৯ ও সীমানা ১০ রান করেন।
ছোট লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশও ১১ রানে ৩ উইকেট হারিয়ে বসে। তবে সাদিয়া ও সুমাইয়ার ২১ রানের জুটিতে বিপদ কেটে যায়। পরে আফিয়া ও জান্নাতুল মাওয়া দল জিতিয়ে মাঠ ছাড়েন। সাদিয়া ১৬, সুমাইয়া ১২ ও আফিয়া ৯ রান করেন।
এই গ্রুপে বাংলাদেেশের আরও ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে। আগামী ২০ জানুয়ারি সকাল সাড়ে আটটায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের কিশোরীরা।
Leave a Reply