চ্যাম্পিয়ন্স ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। ২০১৭ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ধসিয়ে দিয়ে শিরোপা ঘরে তুলেছিল তারা। এবার নিজের আঙিনায় চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখার মিশন তাদের। আর সে মিশনে পাকিস্তান অন্তত ফাইনালে খেলবে বলে বিশ্বাস অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের।
সম্প্রতি আইসিসি রিভিউ নামের এক অনুষ্ঠানে উপস্থাপিকা সঞ্জনা গণেশনের এক প্রশ্নের জবাবে সাবেক অজি অধিনায়ক বলেন, ভারত এবং অস্ট্রেলিয়ার ফাইনালে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এদের কাউকে হটিয়ে অন্য কোনো দেশ ফাইনালে উঠলেও অবাক হবেন না তিনি।
আর সে অন্য দেশটি পাকিস্তান হতে পারে মত পন্টিংয়ের। সাবেক অজি অধিনায়কের ভাষায়, ‘সাম্প্রতিক সময়ে তাদের ওয়ানডেতে দারুণ পারফর্ম করছে। আমি জানি, পাকিস্তান বড় টুর্নামেন্টে কেমন করবে, সে ব্যাপারে আগে থেকে কিছু বলা কঠিন। তবে এবার মনে হচ্ছে, তারা তাদের সমস্যাগুলোর সমাধান খুঁজে পেয়েছে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর ওয়ানডে ক্রিকেটে আসলেই ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। তারা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে সিরিজ জিতে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত করেছে।
প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স লিগ মিশন। ২৩ ফেব্রুয়ারি দুবাই ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে খেলবে তারা। আর গ্রুপ পর্বের সবশেষ তাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ।
Leave a Reply