ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষের থেকে ‘গার্ড অব অনার’ পেলো বার্সেলোনা। তবে লা লিগায় শিরোপা নিশ্চিতের পর প্রথমবার মাঠে নেমে নিজেদের মেলে ধরতে পারলেন না রবের্তো লেভানদোভস্কি, দানি ওলমোরা। শিরোপাধারীদের হারিয়ে দিলো আলাভেস।
প্রতিপক্ষের মাঠে বুধবার (১৩ মে) রাতে চ্যাম্পিয়নদের হার ১-০ গোলে। প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ইব্রাহিম দিয়াবাতে। বিস্ময়করভাবে আলাভেসের বিপক্ষে গোটা ম্যাচে গোলের জন্য একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। প্রথমার্ধে তারা শট নিতে পারে ছয়টি আর দ্বিতীয়ার্ধে দুটি। ম্যাচে আলাভেসের ৯ শটের তিনটি লক্ষ্যে ছিলো।
লিগে টানা ১১ জয়ের পর হারলো বার্সা। সব মিলিয়ে আসরে পঞ্চম হারের স্বাদ পেলো পরপর দুই মৌসুমে লিগ শিরোপা ঘরে তোলা কাতালান জায়ান্টরা। গত রবিবার ঘরের মাঠে মৌসুমের শেষ ক্লাসিকোয় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতে ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করে বার্সা। যা, ৩৬ বারের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়ালের চেয়ে সাত শিরোপা কম।
এই হারে ১০০ পয়েন্ট নিয়ে বার্সার লিগ শেষ করার স্বপ্নও শেষ হয়ে গেলো। ৩৬ ম্যাচে পয়েন্ট তাদের ৯১। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। লিগে দুই জায়ান্টেরই বাকি দুটি করে ম্যাচ। আলাভেসের জন্য এই জয় ভীষণ গুরুত্বপূর্ণ। অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে তারা। ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আছে ১৫ নম্বরে। তাদের পরের চারটি দলের পয়েন্ট সমান ৩৯ করে।
Leave a Reply