বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান ঊরুর পেছনে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের তারকা উইঙ্গার রাফিনিয়া। মাঠ ছাড়ার সময় তার অস্বস্তি দেখে ভক্ত-সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল শঙ্কা—বিশ্বকাপে আর দেখা যাবে তো এই তারকাকে?
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর রাফিনিয়ার চোটের বিষয়ে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটি জানিয়েছে, তার ডান ঊরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। ফলে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।
তবে রাফিনিয়াকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই ব্রাজিলের। সিবিএফের আশা, টুর্নামেন্ট চলাকালীনই সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন এই উইঙ্গার।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, শেষ ষোলো পর্বে রাফিনিয়াকে পাওয়ার আশায় রয়েছে ব্রাজিল। তবে তার আগে নিশ্চিত করতে হবে নকআউট পর্বের টিকিট।
এক বিবৃতিতে সিবিএফ জানায়, রাফিনিয়া এখন জাতীয় দলের চিকিৎসক দলের অধীনে নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানোর লক্ষ্যেই কাজ চলছে।
বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড নিবন্ধনের পর নতুন করে কোনো খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। তাই রাফিনিয়াকে দলেই রেখে তার সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
Leave a Reply