রাজধানীর মহাখালী ও ধানমন্ডিতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে একটি চারতলা ভবনের ছাদে এবং ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্সের শোরুমে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তৎপরতায় দুটি আগুনই নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে একটি চারতলা ভবনের ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে সকাল ১১টা ১১ মিনিটে আগুন লাগে। এক মিনিট পর, ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১১টা ২৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১২ মিনিটের চেষ্টায় বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, যে ভবনের ছাদে আগুন লাগে, সেটির তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাবস্টেশন রয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল না।
অন্যদিকে, ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্সের শোরুমে সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এ ছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে ছিল। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর দুপুর ১২টার দিকে অ্যাপেক্সের শোরুমের আগুন নিয়ন্ত্রণে আসে।
দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Leave a Reply