ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে এবং এখন প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর বাকি সিদ্ধান্ত ভারতের বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হলে তা মওকুফের কোনো আইনি সুযোগ নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখন তাঁকে ফেরানোর বিষয়টি ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
ট্রাইব্যুনালের মামলার আপিল প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, এ ধরনের মামলায় আপিলের নির্ধারিত সময় পার হলে তা মওকুফ বা কনডোন করার কোনো আইনি সুযোগ নেই। বিশেষ এই আইনে সে সুযোগ রাখা হয়নি এবং শেখ হাসিনার সরকারই এই আইন করে গেছে।
সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে তিনি জানান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে মৌলিক অধিকার দাবির সুযোগও সীমিত করা হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারার উপধারা (১) ও (৩) অনুযায়ী, দণ্ডাদেশ বা সাজা ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে হয়। নির্ধারিত সময় পার হলে আর আপিলের সুযোগ থাকে না। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে ধারাটির বর্তমান বিধান যুক্ত করা হয়।
প্রসঙ্গগত, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছর (২০২৫ সালের ১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে এবং সরকার তাদের কাজে কোনো হস্তক্ষেপ করবে না। এ ছাড়া ট্রাইব্যুনালের মামলায় সাক্ষী সুরক্ষার বিষয়টিও সরকার পর্যালোচনা করছে বলে জানান তিনি।
Leave a Reply