1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত কতটা বাধ্য, কী আছে প্রত্যর্পণ চুক্তিতে? পার্শ্ববর্তী দেশের ইন্ধনেই দেশজুড়ে নাশকতা: রিজভী অভিষিক্ত মাহফিজুলের সাথে ‘ডাক’ মারলেন মুমিনুল, চাপে বাংলাদেশ সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান ছয়টি ড্রোন দিয়ে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের ভয়ঙ্কর রূপে ডেঙ্গু: আরও ৮ জনের মৃত্যু শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান, আছেন আরও দুই বাংলাদেশি শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত কতটা বাধ্য, কী আছে প্রত্যর্পণ চুক্তিতে?

  • আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত তথ্য চেয়ে তার আইনজীবীদের আবেদন ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি। শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে এই চুক্তিকেই প্রধান আইনি পথ হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ সরকার।
এর আগে ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ও শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল। তবে ভারত শুরু থেকেই বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করে আসছে।

গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারসংক্রান্ত। এ ক্ষেত্রে আইনি বিধান অনুসারেই পদক্ষেপ নেওয়া হবে।

ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতেই কোন পরিস্থিতিতে কাউকে ফেরত পাঠানো যাবে এবং কোন ক্ষেত্রে তা প্রত্যাখ্যান করা সম্ভব, সে বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রত্যর্পণ চুক্তির কথা বলা হলেও এ চুক্তির শর্তগুলো নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম এবং প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ থাকায় বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

প্রত্যর্পণ কী, কীভাবে কাজ করে?
প্রত্যর্পণ মূলত এক দেশের বিচার বা শাস্তির আওতায় থাকা কোনো পলাতক ব্যক্তিকে অন্য দেশের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়ার রাষ্ট্রীয় ও বিচারিক প্রক্রিয়া।

গত মঙ্গলবার জাতীয় সংসদে সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের বিষয়ে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রত্যর্পণ প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেই স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণের আবেদন, অভিযোগের ধরন, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণপত্র এবং অন্যান্য আইনি শর্ত যাচাই করে সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশে পলাতক অপরাধীদের প্রত্যর্পণসংক্রান্ত ১৯৭৪ সালের একটি আইন রয়েছে। এই আইনের আওতায় বিভিন্ন দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করে অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।

বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারত ও থাইল্যান্ডের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রেও বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশ চুক্তির বিধান অনুসরণ করতে চাইছে।

২০১৩ সালের জানুয়ারিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় বাংলাদেশ ভারতের কাছে উলফা নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তর করে। অন্যদিকে বাংলাদেশে আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনকে ফেরত দেয় ভারত।

২০১৬ সালে চুক্তিটির একটি গুরুত্বপূর্ণ ধারা সংশোধন করা হয়। সংশোধনের ফলে প্রত্যর্পণের অনুরোধ জানাতে গিয়ে অভিযোগের পক্ষে বিস্তারিত সাক্ষ্যপ্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল হয়। সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা উপস্থাপন করেই একটি বৈধ প্রত্যর্পণ অনুরোধ জানানো সম্ভব হয়।

অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, বাংলাদেশ প্রত্যর্পণের দাবি জানালেও চুক্তির শর্ত অনুযায়ী ভারতকে বিষয়টি পর্যালোচনা করতে হবে। তার ধারণা, সব দিক বিবেচনায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে আইনি জটিলতা দেখা দিতে পারে। তবে তিনি উল্লেখ করেছেন, শেখ হাসিনা নিজেই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

চুক্তিতে কোন অপরাধ প্রত্যর্পণযোগ্য?
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে কোন অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ করা যাবে, তা উল্লেখ রয়েছে।

চুক্তি অনুযায়ী, এমন কোনো কাজ বা আচরণ প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে, যা দুই দেশের আইনেই কমপক্ষে এক বছর কারাদণ্ডে দণ্ডনীয়।

অপরাধটি কর বা রাজস্বসংক্রান্ত কিংবা পুরোপুরি আর্থিক প্রকৃতির হলেও তা প্রত্যর্পণযোগ্য অপরাধের আওতায় পড়তে পারে।

এ ক্ষেত্রে দুই দেশের আইনে অপরাধের নাম বা শ্রেণিবিন্যাস এক হওয়া বাধ্যতামূলক নয়। অর্থাৎ একই ধরনের অপরাধকে দুই দেশে ভিন্ন নামে চিহ্নিত করা হলেও তা প্রত্যর্পণের ক্ষেত্রে বাধা হবে না, যদি সংশ্লিষ্ট কাজটি উভয় দেশের আইনেই শাস্তিযোগ্য হয়।

এ ছাড়া প্রত্যর্পণযোগ্য কোনো অপরাধ সংঘটনের চেষ্টা, তাতে সহায়তা, প্ররোচনা, উসকানি কিংবা সহযোগী হিসেবে অংশ নেওয়ার অভিযোগেও প্রত্যর্পণ মঞ্জুর করা যেতে পারে।

চুক্তির তৃতীয় অনুচ্ছেদে একাধিক কার্যক্রমের সমন্বয়ে সংঘটিত অপরাধের বিষয়টিও ব্যাখ্যা করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কাজের পুরোটা কিংবা একাংশ অনুরোধ গ্রহণকারী দেশের ভূখণ্ডে সংঘটিত হলেও প্রত্যর্পণ মঞ্জুর করা সম্ভব। তবে শর্ত হলো, ওই কাজ ও তার পরিণতি বা সম্ভাব্য পরিণতি সামগ্রিকভাবে বিবেচনা করলে তা অনুরোধকারী দেশের ভূখণ্ডে প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে হবে।

রাজনৈতিক অপরাধ হলে কী হবে?
শেখ হাসিনার সমর্থকদের অনেকে প্রত্যর্পণ চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদকে গুরুত্ব দিচ্ছেন। তাঁদের যুক্তি, এই ধারার কারণে শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত দেওয়ার আইনি সুযোগ নেই।

চুক্তির এই অনুচ্ছেদে রাজনৈতিক চরিত্রের অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ না করার সুযোগ রাখা হয়েছে। এতে বলা হয়েছে, যে অপরাধের ভিত্তিতে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে, সেটি রাজনৈতিক চরিত্রের হলে অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে।

তবে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে এই ছাড়েরও কিছু ব্যতিক্রম রয়েছে। চুক্তিতে নির্দিষ্ট কয়েকটি অপরাধকে রাজনৈতিক চরিত্রের অপরাধ হিসেবে বিবেচনা না করার কথা বলা হয়েছে।

এর মধ্যে রয়েছে, দুই দেশই পক্ষভুক্ত এমন বহুপক্ষীয় আন্তর্জাতিক চুক্তির আওতায় ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য কাজ বা কাজ থেকে বিরত থাকার বিষয়গুলো। এ ছাড়া হত্যা, অনিচ্ছাকৃত হত্যা বা অপরাধমূলক নরহত্যাও এই ব্যতিক্রমের তালিকায় রয়েছে।

তালিকায় আরও রয়েছে—মানুষের জীবন বিপন্ন করতে পারে বা সম্পদের বড় ধরনের ক্ষতি করতে পারে এমন বিস্ফোরণ ঘটানো; এ ধরনের উদ্দেশ্যে বিস্ফোরক তৈরি বা নিজের কাছে রাখা; মানুষের জীবন বিপন্ন করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ বহন করা; কাউকে গ্রেপ্তার বা আটক করা ঠেকাতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা।

জনসাধারণের কাজে ব্যবহৃত সম্পত্তিসহ যেকোনো সম্পত্তির এমন ক্ষতিসাধন, যার উদ্দেশ্য মানুষের জীবন বিপন্ন করা বা যার ফলে অন্য কারও জীবন বিপন্ন হতে পারে—সেটিও এ তালিকার অন্তর্ভুক্ত। এ ছাড়া অপহরণ, জোর করে তুলে নেওয়া, বেআইনিভাবে আটক রাখা, স্বাধীনতাবঞ্চিত করা, জিম্মি করা এবং হত্যাকাণ্ডে প্ররোচনার মতো অপরাধও রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম হিসেবে উল্লেখ রয়েছে।

কোন পরিস্থিতিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যায়?
বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে কাউকে ফেরত পাঠানোর পাশাপাশি প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করার সুযোগও রাখা হয়েছে। চুক্তির অষ্টম অনুচ্ছেদে এ ধরনের কয়েকটি ভিত্তি উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রত্যর্পণ অন্যায় বা নিপীড়নমূলক হবে—এমনটি সংশ্লিষ্ট ব্যক্তি অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রকে বোঝাতে পারলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে।

এ ছাড়া যে অপরাধে কাউকে অভিযুক্ত করা হয়েছে বা দোষী সাব্যস্ত করা হয়েছে, সেটি তুচ্ছ বা লঘু প্রকৃতির হলে কিংবা কথিত অপরাধ সংঘটনের পর অথবা বেআইনিভাবে পালিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলে বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।

অভিযোগটি ন্যায়বিচারের স্বার্থে করা হয়নি—এমন পরিস্থিতিও প্রত্যর্পণ প্রত্যাখ্যানের ভিত্তি হতে পারে।

শেখ হাসিনার ক্ষেত্রে চুক্তির কোন ধারা গুরুত্বপূর্ণ?
গত বছরের নভেম্বরে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর তিনি এক বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নিন্দা জানান।

ওই রায়ের পর অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী বিএনপি সরকারের পক্ষ থেকেও প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা বলা হয়েছে।

তবে চুক্তির রাজনৈতিক অপরাধসংক্রান্ত ব্যতিক্রম এবং প্রত্যর্পণ প্রত্যাখ্যানের বিধান শেখ হাসিনার ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য হবে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভিযোগের প্রকৃতি, সংশ্লিষ্ট ধারাগুলোর ব্যাখ্যা এবং ভারতের আইনি পর্যালোচনার ওপর বিষয়টির পরবর্তী অগ্রগতি নির্ভর করবে।

এদিকে শেখ হাসিনার পক্ষে তার আইনি পরামর্শকদের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠানোর ঘটনায় প্রত্যর্পণ ইস্যুটি আবারও আলোচনায় এসেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park