1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

রাজধানীতে ভোটের হাওয়া: দক্ষিণের ১ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীরা মাঠে

  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

সিটি করপোরেশন নির্বাচনের তারিখ এখনও ঘোষণা হয়নি। তারপরও রাজধানীর দুই সিটির ওয়ার্ডগুলোতে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা তিন ভাগে প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন। দলীয় প্রস্তুতি, ব্যক্তিগত গণসংযোগ আর সোশ্যাল মিডিয়ায় প্রচার। প্রার্থীরা ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ, সামাজিক কাজ, মসজিদ-মাদ্রাসা-বাজারে যাওয়া, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। দল থেকে বলা হয়েছে, বিগত আন্দোলনে ভূমিকা ছিল, বিতর্কিত নন এবং মাঠে জনসমর্থন আছে- এমন একজনকেই সমর্থন দেবে দল।

ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটির ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীদের নাম সামনে এসেছে। কাউন্সিলর নির্বাচন করার প্রত্যাশা জানিয়ে এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার, ফেস্টুন দেখা গেছে। এ ওয়ার্ডে এখন পর্যন্ত পাঁচজনের নাম আলোচনায় আছে। এর মধ্যে খিলগাঁও থানা বিএনপির সদস্যসচিব মামুনুর রশিদ আখন্দ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম জামান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী কামাল উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় আছেন কামরুদ্দিন কাজল।

স্থানীয় বিএনপি কর্মীরা বলছেন, দল থেকে একজনকে মনোনয়ন দেওয়া হলে অন্যরা কী করবেন, সেটাই এখন বড় প্রশ্ন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামরুদ্দিন কাজলের মাঠে থাকা ভোটের হিসাব পাল্টে দিতে পারে।

১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ২০১৫ সালের সিটি নির্বাচনে দল তাকে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রার্থী করেছিল। তখন থেকেই দলের জন্য কাজ করে যাচ্ছেন। আগামী সিটি নির্বাচনে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। যদি দল মনোনীত করে, তিনি নির্বাচনে অংশ নেবেন। হুমায়ুন কবির বলেন, এই মুহূর্তে দলের কর্মসূচির বাইরে সামাজিক কাজ, সিটি করপোরেশনের সহায়তায় ড্রেনেজ ও পয়োনিষ্কাশনের কাজ করছেন। এ ছাড়া মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছেন।

খিলগাঁও এলাকায় বিএনপির পুরোনো সংগঠক ছিলেন মরহুম হাজী সালাউদ্দিন। তিনি পেশায় শিক্ষক এবং তৎকালীন ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। এলাকাবাসী জানান, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বন্ধু ছিলেন। তার ছেলে বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী কামাল উদ্দিন। তিনি নির্বাচন করতে চাইলেও দল নিষেধ করলে শেষ পর্যন্ত সরে দাঁড়াবেন। তবে তার আপন ছোট ভাই কামরুদ্দিন কাজল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

কাজল জানান, রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত না থাকলেও তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। এলাকায় বেশ কয়েকটি সামাজিক কাজ করে ইতোমধ্যে আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে খিলগাঁও জাগরণী মাঠে মাদক বন্ধের পাশাপাশি খেলার পরিবেশ ফিরিয়ে এনেছেন। কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে একাধিক একাডেমি গড়ে তুলেছেন।

নির্বাচনে যিনি জয়ী হবেন, তার সামনের দিনগুলো খুব একটা সহজ হবে না। বেশ কিছু সমস্যা মোকাবিলার চ্যালেঞ্জ থাকবে তার সামনে, যেগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে মাদক।

এলাকাবাসীর অভিযোগ, ১ নম্বর ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা এখন মাদক। মাদকের স্পট হিসেবে যে জায়গাগুলোর নাম এসেছে, তার মধ্যে রয়েছে- খিলগাঁও থানার পেছনের এলাকা, কবরস্থানের রাস্তা, কাঁচাবাজারের এলাকা, কুমিল্লা হোটেল এবং বটতলা। স্থানীয়দের দাবি, এসব জায়গায় সন্ধ্যার পর মাদক বেচাকেনা বেড়ে যায়। এর বাইরেও রয়েছে ভাসমান মাদক কারবারিরা। অভিযোগ আছে, এরা মোটরসাইকেলে করে এলাকায় ঘুরে ঘুরে মাদক বিক্রি করে। এক জায়গায় বেশিক্ষণ থাকে না, পুলিশ আসার আগেই সরে পড়ে। এ কারণে তাদের ধরা কঠিন হয়ে পড়েছে।

এলাকার একজন বাসিন্দা বলেন, ‘থানার পেছনেই যদি মাদক বিক্রি হয়, তাহলে আমরা যাব কোথায়? আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে।’

দ্বিতীয় বড় অভিযোগ, বাসাবাড়িতে চুরি ও রাস্তায় ছিনতাই বেড়ে গেছে। স্থানীয়রা বলছেন, দিনের বেলায় বাসা ফাঁকা থাকলে চুরি হচ্ছে। আর সন্ধ্যার পর রাস্তায় মোবাইল, ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ভোটারদের প্রশ্ন, প্রার্থীরা মাদক ও ছিনতাই বন্ধে কী প্রতিশ্রুতি দেবেন?

খিলগাঁও উত্তর সোসাইটি নিয়েও ক্ষোভ আছে এলাকাবাসীর মধ্যে। অভিযোগ আছে, সোসাইটির রাস্তাঘাট, ড্রেনেজ, নিরাপত্তাব্যবস্থা ঠিকমতো দেখা হয় না। সোসাইটির নামে চাঁদা তোলা হলেও সেবা পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন কয়েকজন বাসিন্দা। এই সোসাইটি আগে পরিচালনা করতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন করেন বিএনপির নেতাকর্মীরা।

আরেকটি গুরুতর অভিযোগ, নিউ কলোনির ১১ ভাইকে বিএনপির রাজনীতি থেকে কৌশলে দূরে সরিয়ে রেখেছেন ওয়ার্ডের দায়িত্বশীলরা। স্থানীয় সূত্রে জানা গেছে, খিলগাঁওয়ের নিউ কলোনির ১১ ভাই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অভিযোগ আছে, তাদের পরিকল্পিতভাবে বিভিন্ন কমিটি থেকে দূরে রাখা হচ্ছে, মিটিংয়ে ডাকা হচ্ছে না, পদ-পদবি থেকে বঞ্চিত করা হচ্ছে। এই কোণঠাসা করার নেপথ্যে পরামর্শক হিসেবে নাম এসেছে যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন সাদুর। অভিযোগে আরও বলা হয়েছে, সাদুর ঘনিষ্ঠ হাবিব নামে একজন ওয়ার্ড বিএনপির এক নেতার সঙ্গে চলাফেরা করেন। আর সেই যোগাযোগের মাধ্যমেই ১১ ভাইকে কোণঠাসা করা হয়েছে।

এদিকে প্রকাশ্যে না হলেও বিএনপির সাধারণ কর্মীদের মধ্যে একটি বিষয়ে ক্ষোভ রয়েছে। দলের অনেক নেতার সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের সখ্যতার অভিযোগ রয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এই বিষয়ে। স্থানীয় বিএনপি কর্মীদের একাংশের অভিযোগ- ১ নম্বর ওয়ার্ডের কিছু দায়িত্বশীল বিএনপি নেতার সঙ্গে বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের সখ্যতা ও যোগাযোগ রয়েছে। এই যোগাযোগের কারণে এলাকায় বিএনপির ত্যাগী কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। এ বিষয়ে অভিযুক্ত নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে দলের ভেতরে এ নিয়ে চাপা ক্ষোভ আছে বলে জানা গেছে। এটি আগামী সিটি নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

এলাকাবাসী চান, মাদক বন্ধ হোক, চুরি-ছিনতাই বন্ধ হোক, এলাকার নিরাপত্তায় সোসাইটি কার্যকর ভূমিকা রাখুক। আর বিএনপির তৃণমূল নেতাদের দাবি, দলের ভেতরে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকলে তা পরিষ্কার হোক, ত্যাগী কর্মীদের মূল্যায়ন হোক।

সি ব্লকের ফারাবী রহমান বলেন, ‘আমরা কাজের মানুষ চাই। যে মাদক বন্ধ করতে পারবে, চুরি বন্ধ করতে পারবে, তাকেই সমর্থন দেব।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড ঢাকা-৯ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। খিলগাঁও থানার ব্লক-এ ও ব্লক-সি নিয়ে গঠিত। এর মধ্যে আছে- খিলগাঁও এ ব্লক, সি ব্লক (উত্তর ও দক্ষিণ), তারাবাগ, প্রভাতীবাগ, তিলপাপাড়া, ঝিলপাড়, ইমামবাগ, খিলগাঁও কলোনি, জোড়পুকুর খেলার মাঠ এলাকা, আনসার ক্যাম্প রোড, খিলগাঁও রোড, গোড়ান রোড, সিপাহীবাগ রোড, নিউ কলোনি ও বটতলা এলাকা। পূর্বে গোড়ান, পশ্চিমে মালিবাগ, উত্তরে তালতলা, দক্ষিণে বাসাবো। আয়তন প্রায় ৬ বর্গকিলোমিটার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park