খুলনা অঞ্চলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ৭৯ জেলে-নাবিকসহ বাংলাদেশের দুটি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। জাহাজ দুটি হলো এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এফ ভি মেঘনা-৫ এর মালিকানা প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক।
তিনি জানান, জাহাজের নাবিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা সবশেষ খবর পেয়েছি, জাহাজ দুটিকে ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমরা সামুদ্রিক মৎস্য দফতরকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি।’
জানা গেছে, এফভি মেঘনা-৫ এ নাবিকসহ ৩৭ জন ও এফভি লায়লা-২ এ নাবিকসহ ৪২ জন জেলে ছিলেন। তবে কী কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে, তা জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কোস্টগার্ডের জনসংযোগ বিভাগে যোগাযোগ করলে তারা জানান, বিষয়টি তারাও গণমাধ্যম মারফত জেনেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও খবর পাননি।
Leave a Reply