জ্বালানী বিশেষজ্ঞ ম তামিম বলেছেন, বিদ্যুৎ না নিলেও ভারতের কোম্পানি আদানিকে শতভাগ ক্যাপাসিটি চার্জ এবং ৪০ শতাংশ বিদ্যুতের মূল্য পরিশোধ করতে হয়। আদানির সাথে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।
রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ম তামিম বলেন, অন্যান্য চুক্তির ক্ষেত্রে বিদ্যুৎ না নিলে শুধু ক্যাপাসিটি চার্জ দিলেই হয়, কিন্তু আদানিকে অতিরিক্ত ৪০ শতাংশ মূল্য পরিশোধ করতে হয়। তিনি বলেন, আদানির সাথে সম্পাদিত চুক্তিতে কয়লার মূল্য অনেক বেশি। এমনকি সিংগাপুর অস্ট্রেলিয়ার চেয়ে বেশি। আলোচনার মাধ্যমে মুল্যহার নির্ধারনের পরমর্শ দেন তিনি।
জ্বালানী খাতে অনিয়ম ঠেকাতে দাম নির্ধারণে সরকারের একক ক্ষমতা কমিয়ে স্বাধীন কমিটি করে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শও দেন এই জ্বালানী বিশেষজ্ঞ। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানী খাতে যারা লুটপাট করেছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। বিতর্কে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজয়ী হয়।
Leave a Reply