সচিবালয়ে আগুনের ঘটনায় দুইটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন ও তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না অগ্নিকাণ্ডে নাশকতার বিষয়টি। এমন তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। শুক্রবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে নতুন তদন্ত কমিটির বৈঠক শেষে বের হয়ে একথা জানান তিনি।
সচিবালয়ে সাত নাম্বার ভবনের তিন জায়গায় একই সময়ে আগুনের ঘটনা প্রথম। যদিও এই ভবনটি কোন ধরণের অগ্নি ঝুঁকিতে ছিলো না। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সেখানে গিয়ে দেখা যায়, আগুনের ক্ষত নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে ভবনটি।
আগুনের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়। শুক্রবার সকালে কমিটির সবাই ঘটনাস্থল পরিদর্শন করেন। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। সচিবালয়ে বৈঠকও করে তদন্ত কমিটি।
আগুনের ঘটনা নাশকতা কিনা এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বললেন, এ বিষয়ে এখনই মন্তব্য নয়। শনিবার (২৮ ডিসেম্বর) তিনটায় আবারও তদন্ত কমিটি সচিবালয়ে ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে নিয়ে বৈঠক করবেন বলেও জানানো হয়।
Leave a Reply