বিচার কাজে ধীরগতির জন্য ক্ষোভ ঝাড়লেন জুলাই শহীদদের স্বজনরা। তাদের অভিযোগ, মামলা না দিতে হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। উপদেষ্টা আসিফ নজরুল মামলায় সহায়তার জন্য সাতদিনের মধ্যে সেল গঠনের আশ্বাস দেন। তিনি জানান, শহীদ পরিবারের নিরাপত্তার বিষয়টিও সরকার বিবেচনা করবে।
সোমবার (৩০ ডিসেম্বর) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে ঢাকা বিভাগের ৭৭জন শহীদের পরিবার ও স্বজনরা অংশ নেন। অনুষ্ঠানে অংশ নেন অন্তবর্তী সরকারের ৫ উপদেষ্টা। হতাশা ও ক্ষোভের পাশাপাশি আশার আলোও দেখা গেলো বক্তব্যে। হত্যাকাণ্ডে সরাসরি পুলিশের জড়িত থাকার পরও বিচার না হওয়ায় ক্ষোভ জানান তারা।
উপদেষ্টারা বলেন, জুলাই হত্যাকান্ডের বিচার সরকারের প্রধান কাজ। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তারা।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, প্রবাসী মন্ত্রণালয়ে নিয়োগে শহীদ পরিবারের যোগ্য ও দক্ষদের নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন উপদেষ্টারা।
Leave a Reply