‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ চূড়ান্ত করতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় বৈঠক করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মাহফুজ আলম বলেন, ‘আশা করি, আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভেতর দিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারির করার বিষয়ে ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘গত ১২ থেকে ১৩ দিন ছাত্রদের ঘোষণাপত্র অবলম্বনে অ্যাডভাইজারি কাউন্সিল থেকে একটি ঘোষণাপত্রের খসড়া তৈরি করার চেষ্টা করেছি এবং বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেকহোল্ডার যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, উনাদের অভিমত নেওয়ার চেষ্টা করেছি। সবার সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি কিন্তু বৃহত্তম রাজনৈতিক দল জামায়াত, নারী ও শিক্ষক ও ছাত্রসংগঠনের সঙ্গে কথা বলেছি।’
উপদেষ্টা আরও বলেন, ‘তারা সবাই ঘোষণাপত্রের বিষয়ে একমত আছেন, ঘোষণাপত্র দিতে হবে কিন্তু ঘোষণাপত্রটি কবে দেওয়া হবে এবং ঘোষণাপত্রের ভেতরে কী কী কনটেন্ট থাকবে সে বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। তবে বৃহস্পতিবার ঘোষণাপত্রটি চূড়ান্ত হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। এ ঘোষণাপত্র নিয়ে তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়।
Leave a Reply