পাকিস্তানে বাদামি ধূসর রঙের সালোয়ার-কামিজের ওপর কালো জ্যাকেট পড়ে দেখা মিলল এক ব্যক্তির। যে কেউ তাকে একবার দেখলে এক মুহূর্তের জন্য হলেও থমকে যেতে পারেন। এ ব্যক্তির চেহারা আর কেউনা, বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত। স্থানীয়রা বলেন, তাকে দেখতে একদম ডোনাল্ড ট্রাম্পের মত লাগে। ৫৩ বছর বয়সী এ লোকের নাম সেলিম বাগ্গা। শুধু চেহারাই না, তার সোনালী চুলও ঠিক ডোনাল্ড ট্রাম্পের মতই।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক ব্যস্ত বাজারে রঙিন কাঠের গাড়ি ঠেলে খাবার বিক্রি করেন সেলিম বাগ্গা। তিনি মূলত ক্ষীর বিক্রি করেন। মাঝে মাঝে ক্রেতাদের সামনে পাঞ্জাবি গানের সুর তোলেন, ‘এখন তুমি আমার কাছে এসো প্রিয়, দেরি করো না, আমার চোখ অপেক্ষায় ক্লান্ত।’ অন্যদের তুলনায় বেশি ক্রেতা ও মনোযোগও আকর্ষণ করেছেন এ বিক্রেতা।
তার কাছ থেকে ক্ষীর কিনে খেতে পছন্দ করেন স্থানীয় বাসিন্দারা। মোহাম্মদ ইয়াসিন নামে এক বাসিন্দা রয়টার্সকে বলেন, তার মনে হয় যেন ট্রাম্প এখানে এসে ক্ষীর বিক্রি করছেন। গান গেয়ে এ বিক্রেতা যখন ক্ষীর বিক্রি করেন, তখন তারা তার কাছে যান।
বাগ্গার সাথে সেলফি তোলা স্থানীয় আরেক বাসিন্দা ইমরান আশরাফ রয়টার্সকে বলেন, তার বানানো ক্ষীর সত্যিই মজাদার। তারা বাগ্গার সাথে কথা বলেন, সেলফি তোলেন এবং বন্ধুদের বলেন ট্রাম্পের সাথে ছবি তুলেছেন।
বাজারে এবং নিজ এলাকায় এত এত ক্যামেরা বাগ্গাকে অনুসরণ করলেও, বাগ্গা থাকেন নির্লিপ্ত। তিনি বলেন, তার চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতো বলেই লোকজন সেলফি তুলতে আসে। এটি তার কাছে খুব ভালো লাগে। এসময়, ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তানে এসে তার বানানো ক্ষীর খেয়ে যাওয়ার আমন্ত্রণ জানান বাগ্গা। তিনি বলেন, তার বানানো ক্ষীর খেয়ে সত্যিই মজা পাবেন ট্রাম্প।
Leave a Reply