আগামী এক মাসের মধ্যে সরকারি সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে দাবি তুলে ধরেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী সাগর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে। এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে।’
এছাড়া সব বর্ষের চলমান পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চলমান রাখা; বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর সাথে সাথেই চলমান সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে এবং উদ্ভূত পরিস্থিতিতে সাত কলেজের চলমান সংকট নিরসনে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়, উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি এবং সাত কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আগামী দুই দিনের মধ্যে টেবিল টকের আয়োজন করতে হবে, বলে জানান তিনি।
এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘যারা শিক্ষার্থীদের পিটিয়ে আহত করেছে, ২৪ ঘণ্টার মধ্যে তাদের বিচার করতে হবে।’
এ সময় হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে সরকারের কোনো প্রতিনিধি না যাওয়ার বিষয়েও সমালোচনা করা হয়। বলা হয়, শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং প্রো-ভিসি মামুন আহমেদকে সরানো না হলে কোনো সুষ্ঠু সমাধান সম্ভব নয়।
এছাড়া রাকিবকে মারপিট করা পুলিশ কর্মকর্তাদের শাস্তি ও উসকানি দাতাদের বিচারও করতে হবে।
এর আগে, সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে সাত কলেজের শিক্ষার্থীরা।
Leave a Reply