সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক দল বাথ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির নতুন প্রশাসন। বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার আগে বাথ পার্টি ৬০ বছরেরও বেশি সময় ধরে সিরিয়া শাসন করছিল। একই সাথে, বাতিল করা হয়েছে দেশটির সংবিধান।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আহমেদ হুসেইন আল-শারা, যিনি আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত। নতুন প্রশাসনের অধীনে সিরিয়ার সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকেও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার আল-জাজিরার একটি প্রতিবেদনে জানা যায়, সিরিয়ায় বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রায় দুই মাস পর সিরিয়ার ডি ফ্যাক্টো ও বিরোধী নেতা আহমেদ আল-শারাকে দেশের সংকটকালীন সময় প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে।
দামেস্ক থেকে আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ জানান, এটি একটি স্মৃতিময় দিন। এটি এই দেশের এগিয়ে যাওয়ার পথ আরও স্পষ্ট করে দিয়েছে কারণ নতুন প্রশাসন কেমন হবে তা নিয়ে অস্পষ্টতা ছিল।
এদিকে, নির্বাচন না হওয়া পর্যন্ত আল-শারাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন কমান্ডার হাসান আবদেল গনি। পাশাপাশি, তাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এটি নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত কার্যক্রম চালাবে।
সিরিয়ার অন্যান্য সামরিক গোষ্ঠীর মত আল-শারার নিজস্ব দল হায়াত তাহরির আল-শামকেও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দামেস্কে একটি বৈঠকের সময় এসব ঘোষণা করা হয়। এসময়, আল-শারার সশস্ত্র গোষ্ঠীর কমান্ডাররা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ জানিয়েছেন, আল-শারা তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন, তারা শুধু প্রতিনিধিত্বই করবেন না, বরং সিরিয়ার নতুন ভবিষ্যতের অংশও হবেন।
এদিকে, সিরিয়ায় নির্বাচন কবে হবে তা এখনও স্পষ্ট নয়। নির্বাচনের কোনও নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি। এর আগে, আল-শারা জানিয়েছিলেন সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশে নির্বাচন আয়োজন করতে প্রায় ৪ বছরের মত সময় লাগতে পারে।
এর আগে, সৌদি আরবের আল অ্যারাবিয়া চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে আল-শারা জানিয়েছিলেন, সিরিয়ায় নতুন একটি সংবিধান তৈরি করতে প্রায় ৩ বছরের মত সময় লেগে যেতে পারে। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সম্ভবত ৪ বছরের মধ্যে। তার মতে, দেশের ভোটার সংখ্যা সঠিকভাবে নির্ধারণ করার জন্য একটি নতুন আদমশুমারি করা প্রয়োজন।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সম্প্রতি একটি টেলিভিশন বক্তব্যে জানিয়েছেন, তার মূল লক্ষ্য হচ্ছে একটি শক্তিশালী সরকার গঠন করা। তিনি বলেন, দেশের জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে একটি জাতীয় সংলাপ কনফারেন্সের আয়োজন করা হবে, যেখানে সকল পক্ষের মতামত শোনা হবে। এরপর, ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী সরকার গঠন করা হবে।
আহমেদ আল-শারা আরও উল্লেখ করেন, সিরিয়া একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, যেখানে বিভিন্ন ধরনের মানুষ বাস করে। তাই সরকারে প্রতিটি শ্রেণির প্রতিনিধিত্ব থাকা অত্যন্ত জরুরি। তার মতে, শান্তি প্রতিষ্ঠা করা বর্তমানে তার সবচেয়ে বড় উদ্দেশ্য।
Leave a Reply