ইউক্রেন যুদ্ধ থামাতে ফোনালাপের কূটনীতি শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে। যদিও, দখল করা ভূখণ্ড ফেরত দিতে ইউক্রেনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
ইউক্রেন আর রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলাদা ফোনালাপ শেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এবিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন।
ট্রাম্প বলেছেন, পুতিন আর জেলেনস্কি শান্তি চান। এবিষয়ে তাদের ইতিবাচক মনোভাব থাকায় মধ্যস্থতা প্রক্রিয়া শুরু করতে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেয়ার কথাও জানিয়েছেন ট্রাম্প।
ফোনালাপের বিষয়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালেও প্রতিক্রিয়া দিয়েছেন। জানিয়েছেন, পুতিনের সাথে দীর্ঘ ফোনালাপ হয়েছে। ২০১৪ সালের আগের সীমারেখায় ফেরা ইউক্রেনের জন্য সম্ভব হবে না বলেও আগাম বার্তা দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকোভ জানিয়েছেন, দেড় ঘণ্টার ফোনালাপে ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়েও কথা বলেছেন তাঁরা।
এদিকে, শান্তির স্বার্থে রুশ আগ্রাসনে হাতছাড়া হওয়া ভূখণ্ড ছাড়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বিনিময়ে রাশিয়ার কার্স্ক অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটি তাৎক্ষণিক প্রত্যাখ্যান করে কার্স্ক অঞ্চলের একাংশ থেকে ইউক্রেনের সেনাদের শিগগিরই হটানোর হুমকি দিয়েছে মস্কো।
Leave a Reply