গ্রাহকের কোয়ালিটি সেবা নিশ্চিত করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসিতে নতুন পলিসি আসছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ তৈয়ব আহমেদ। এই পলিসিতে নিশ্চিত হবে কোয়ালিটি অফ সার্ভিস।
রবিবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রান্তিক পর্যায়ে দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয় শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বিটিআরসির বর্তমান পলিসিগুলো পলিটিক্যালি মোটিভেটেড। তাই এর সংস্কার জরুরি। যাতে করে গ্রাহককে হুটহাট ইন্টারনেট বন্ধ বা কল ড্রপিংয়ের মতো ভোগান্তিতে পড়তে না হয়।
একই আলোচনায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, রাষ্ট্র পরিচালনায় দেশের টেলিকমিউনিকেশন খাত সংস্কার অত্যন্ত জরুরি। তিনি বলেন, ইন্টারনেট বন্ধের মতো বেসিক হিউম্যান রাইটে যাতে হাত দেওয়া না হয়। টেলিকম খাতে মনোপলি এবং ডুপলির মতো বিষয়গুলোকে বিবেচনায় আনতে হবে।
এছাড়া বিগত সরকারের সময়ে এই খাতে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে বলে জানিয়ে দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান বিএনপির এই নেতা।
আলোচনায় বক্তারা গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমাতে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন স্তরের লাইসেন্স, ভ্যাট ট্যাক্স, ফাইবার কানেকশন, এবং লেবেল প্লেইং ফিল্ডসহ বিভিন্ন বিষয়ের বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, রবির সাবেক সিইও মাহতাব হোসেন, বিডি জবসের সিইও ফাহিম মাশরুরসহ টেলিকম খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply