প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আর্থিকসহ সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ইউরোপীয় কমিশন। তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশনও প্রতিশ্রুতিবদ্ধ।
রবিবার (১৬ মার্চ) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে মাইকেল মিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে বসে। প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে মিলার বলেন, আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক, কারিগরি ও অভিজ্ঞতার মাধ্যমে সাহায্য করতে চায় ইইউ।
পরে সিইসি বলেন, নির্বাচনের বাজেটে কি প্রয়োজন তা জানতে চেয়েছে ইইউ। কমিশনের পক্ষে দেশীয় পর্যবেক্ষক ও নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ, ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা চান সিইসি। জানান, আগামী নির্বাচনের পরিবেশ অতীতের মতো হবে না।
Leave a Reply