কর্তৃপক্ষের আশ্বাসে সকাল ১০টার পর থেকে টিকিট কাউন্টার চালু করেছে ডিএমটিসিএল কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা চারজন সহকর্মী শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগে সকাল থেকে কর্মবিরতি পালন করে ডিএমটিসিএল কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (১৭ মার্চ) তাদের কর্মবিরতির মধ্যেই এমআরটি পুলিশের সহায়তায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখে কর্তৃপক্ষ। তবে, টিকিট কাউন্টার এবং রিচার্জ কাউন্টার বন্ধ থাকার ফলে রমজানের মধ্যে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী যাত্রীদের।
রবিবার রাতে এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএলের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, রবিবার বিকাল সোয়া পাঁচটার দিকে ডিএমটিসিএলের চারজন সহকর্মী এমআরটি পুলিশ দ্বারা মৌখিকভাবে ও শারীরিকভাবে লাঞ্ছিত হন। এই ঘটনার প্রতিবাদে আগামী এক কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা অভিযুক্ত পুলিশ সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত এবং ঘটনার সাথে জড়িত সকল পুলিশ সদস্যকে শাস্তি ও প্রকাশ্যে ক্ষমাসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করে মেট্রোরেলের কর্মকর্তা কর্মচারীরা।
Leave a Reply