আদালতের নির্দেশ অমান্য করে ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশের ২৬১জন অবৈধ অভিবাসীকে হ্যান্ডকাফ আর শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হয়েছে এল সালভাদরে। এক্ষেত্রে যুদ্ধকালিন আইন প্রয়োগের ব্যাপক সমালোচনা হলেও পক্ষে সাফাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রত্যর্পণ ঠেকাতে আদালত নির্দেশ দিলেও এক্ষেত্রে পুরানো যুদ্ধকালীন আইনের আশ্রয় নেয় ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের দাবি, আটকদের মধ্যে ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়ার সন্ত্রাসী গ্যাংয়ের সদস্য রয়েছেন ২৩৮ জন। আর ২৩ জন আন্তর্জাতিক গ্যাং এমএস-থার্টিনের সদস্য। তাদের মাথা মুণ্ডন করে ঘাড় ধরে বিমানে ওঠানো হয়। ভেনেজুয়েলায়ার পরিবর্তে এল সালভাদরের কারাগারে একবছর তাদের রাখা হবে। তিনশ’ গ্যাং সদস্যকে বন্দি রাখার বিনিময়ে এল সালভাদরকে ৬০ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র।
এদিকে নিজ দেশের দুই শতাধিক নাগরিকের বিরুদ্ধে তোলা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ নাকচ করে বিবৃতি দিয়েছে ভেনেজুয়েলা। বলা হয়েছে, এর মাধ্যমে নাৎসি বন্দিশিবিরের ভয়াবহ স্মৃতি উসকে দিচ্ছেন ট্রাম্প। নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইনজীবীদের সংগঠন-এসিএলইউ।
সমালোচনা নাকচ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যাদের পাঠানো হয়েছে তারা অপহরণ, চাঁদাবাজি আর অর্থের বিনিময়ে খুনের সাথে জড়িত। বাইডেন প্রাশাসন এই বাজে লোকগুলোকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়ায় বাধ্য হয়ে যুদ্ধকালিন আইন প্রয়োগ করতে হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
Leave a Reply