দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার পর অবশেষে হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এজন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দীন।
তফসিল অনুযায়ী, ৫ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই-বাছাই ও ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চাকসুর ভোটগ্রহণ।
উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখন পর্যন্ত মাত্র ছয়বার নির্বাচনের আয়োজন করতে পেরেছে কর্তৃপক্ষ। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর ছাত্র-সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও উপযুক্ত পরিবেশ না পাওয়ায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
Leave a Reply