রাজধানীর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা ছয় ঘন্টার বৃষ্টি, সাথে ছিল বজ্রপাত। এতে প্রধান সড়কসহ অলিগলি পানিতে তলিয়ে যায়। রাতভর তীব্র ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। তবে শুধু ভোগান্তিতেই সীমাবদ্ধ থাকেনি। মৃত্যুও দেখিয়ে দিয়েছে রাজধানীর এই বৃষ্টি।
রাজধানীর মিরপুরে বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ মারা গেছেন চারজন। বেঁচে গেছে এক শিশু। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবল বৃষ্টিতে মিরপুর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর বজ্রপাতে ছিঁড়ে যায় বিদ্যুতের তার, তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই চার জনের মৃত্যু।
পুলিশ জানায়, মারা যাওয়াদের তিনজন একই পরিবারের। রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে করুন মৃত্যু হয় একই পরিবারের তিনজনের। তাদের বাঁচাতে গিয়ে মারা যান আরো একজন
বিদ্যুতায়িত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়।পরে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন।
টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে থই থই পানি। তাতেই রাস্তায় বন্ধ হয় যায় যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন মানুষ।
আবহাওয়াবিদ ওমর ফারুখ জানান, ঢাকায় ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, ঢাকা, রাজশাহী, রংপুর,সিলেট , খুলনা, বরিশাল ও চট্টগ্রামে আজও দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টি হতে পারে। এসময় বজ্রপাত হওয়ার আশঙ্কা ও রয়েছে।
Leave a Reply