বলিউডের জনপ্রিয় সিনেমা ‘বর্ডার’-এর সিক্যুয়েল দীর্ঘ ২৭ বছর পর পর্দায় আসছে। সম্প্রতি ‘বর্ডার’ সিনেমার সিক্যুয়ের ট্রেলার মুক্তি পেয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা সানি দেওল।
‘বর্ডার-টু’ সিনেমায় মেজর চাঁদপুরী নামে এক সেনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। ট্রেলারে মেজর চাঁদপুরী হুঙ্কার ছুড়ে অভিনেতা বলেন, ‘আমাদের গর্জন যেন লাহোর অবধি শোনা যায়…।’ যুদ্ধভিত্তিক এ সিনেমাটিতে বেশ অ্যাকশন দেখা গেলেও একটি সংলাপ নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে তোলপাড়। তিন মিনিট ৩৫ সেকেন্ডের এ ট্রেলারে দেখা গেছে কমান্ডিং, যুদ্ধাস্ত্র, যুদ্ধের ময়দান— এমনকি প্রেম-ভালোবাসারও গল্প। যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাদের গর্জে ওঠার দৃশ্য এবং রগরগে সংলাপ ফুটে উঠেছে।
এখানেই শেষ নয়; একটি দৃশ্যে পাকিস্তানকে উদ্দেশ করে সানিকে বলতে শোনা যায়, ‘তোমরা আমাদের কী হারাবে? আরে, তোমাদের পাকিস্তানে তত মানুষ নেই, যতগুলো ছাগল আমাদের এখানে ঈদে কোরবানি হয়।‘
‘বর্ডার টু‘ সিনেমাটি পরিচালনা করছেন অনুরাগ সিং। মুখ্য ভূমিকায় সানি দেওলের পাশাপাশি জওয়ানের ভূমিকায় দেখা গেছে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেঠিসহ একঝাঁক বলিউড তারকাকে। ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তবে ‘বর্ডার টু’ সিনেমার ট্রেলারে সানি দেওলের সেই সংলাপ নিয়ে বেশ আলোচনাও তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে। বিশেষ করে পাকিস্তানি দর্শকদের এ নিয়ে আপত্তি তুলতে দেখা গেলেও একাংশের মন্তব্য— ভারত যুদ্ধ-হুংকারে পারদর্শী শুধু বলিউডের সিনে পর্দাতেই। তবে ভারতীয়রা সানি দেওলের এ সংলাপকে নিজ দেশের জয়গান হিসেবেই দেখছে।
Leave a Reply