আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের কোনো সুযোগ নেই। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুরে কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, পর্যায়ক্রমে সারা দেশের মাঝারি ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এই কৃষক কার্ড বিতরণ করবে সরকার। এখানে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই, এমনকি কোনো ধরনের অনিয়মেরও সুযোগ নেই।
তিনি আরও বলেন, সরকার শপথ গ্রহণের পর থেকে নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। আজ থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হলো। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে খাল খনন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।
কৃষকদের ভাগ্যোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, দুপুর দেড়টার দিকে শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান এবং ১ হাজার ৬৭৯ জন উপকারভোগী কৃষক-কৃষাণিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের কৃষকরা পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে এ কৃষক কার্ড পাচ্ছেন।
Leave a Reply