প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৫টায় টাঙ্গাইল সদরের সন্তোষে অবস্থিত মওলানা ভাসানীর কবর জিয়ারত করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, “প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন। এ সময় তিনি ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন।”
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আবদুস সালাম পিন্টুসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তোষে মওলানা ভাসানী যে ঘরটিতে বসবাস করতেন, সেটি পরিদর্শন করেন। তিনি সেখানে সংরক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এর আগে প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলা শহরের পৌর উদ্যানে বৈশাখী কৃষি মেলার উদ্বোধন করেন। তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজের জন্য সার্কিট হাউসে যান।
সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি বেলা ১১টা ২০ মিনিটে টাঙ্গাইলে পৌঁছান এবং শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ডের পরীক্ষামূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
Leave a Reply