নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সফরের অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব।
তিনি আরও বলেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার তুলনায় মানুষের মধ্যে রাজনীতির প্রতি আগ্রহ বেড়েছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনও রাজনৈতিক চেতনার ফল। ইতিহাসে দেখা গেছে, স্বৈরশাসন জনগণের ওপর চাপিয়ে দেওয়া হলে ছাত্র-যুবকরাই রাজপথে নেমে তা প্রতিরোধ করে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, “গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সম্প্রীতি অর্জন সম্ভব নয়। সেই দিক থেকে রাজনীতির প্রতি মানুষের আগ্রহ ইতিবাচক দিক। এতে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে এবং গণতন্ত্রের প্রতি তাদের আকাঙ্ক্ষা জোরদার হয়েছে, যা দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা ও সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, তা বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। এর মাধ্যমে দেশে গণতন্ত্র আরও শক্তিশালী ভিত্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্পিকার আশা প্রকাশ করে বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে।
Leave a Reply