যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়াও নির্ধারিত সূচি অনুযায়ী, বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। অরল্যান্ডো বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের সময় মিয়ামি কনস্যুলেটের প্রতিনিধি উপস্থিত থাকবেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা ফেসবুকে এক পোস্টে জানান, ওই দিন দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষক এবং বাংলাদেশি কমিউনিটির অনেকেই অংশ নেন। এছাড়া মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, জানাজার পর বৃষ্টির মরদেহ ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়। ফিউনারেল সংস্থা ৭ মে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পাঠাবে। এ সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি অরল্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
গোলাম মোর্তোজা আরও জানান, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয় করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করছে । নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সব ব্যয় বাংলাদেশ সরকার বহন করছে।
এর আগে, নিহত জামিল লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছে।
Leave a Reply