মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে অতিরিক্ত দামে টিকিট বিক্রির অভিযোগে ব্যতিক্রমী কৌশল নেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। এ সময় ৪০ টাকার টিকিট ৫০ টাকায় বিক্রির প্রমাণ পান তিনি। পরে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মারুফ বিল্ডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করে ঘাট কর্তৃপক্ষ। একই ঘটনায় প্রতিষ্ঠানটিকে শোকজ নোটিশ দেওয়ারও নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
সোমবার (২৫ মে) সকাল থেকে ছদ্মবেশে ঘাট এলাকায় নজরদারির জন্য নৌ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে দায়িত্ব দেন প্রতিমন্ত্রী। পরে অতিরিক্ত দামে টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত হলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম করলে পুলিশের হাতে তুলে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে নৌ প্রতিমন্ত্রী পাটুরিয়া লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। ঈদকে সামনে রেখে ঘাট এলাকায় যাত্রীসেবা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা নিয়মিত মনিটরিং করছি। কোথাও কোনো ত্রুটি-বিচ্যুতি হচ্ছে কি না, তা নজরদারির মধ্যে রাখা হয়েছে। মাঝে মধ্যে দু-এক জায়গায় টিকিটের দাম কিছুটা বেশি রাখা হচ্ছে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “ঈদের পরেও যাতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সে জন্য আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।”
Leave a Reply