সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নির্ধারিত ভাড়ায় ও শৃঙ্খলার সঙ্গে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন। নানা চ্যালেঞ্জ থাকলেও সবকিছু মিলিয়ে একটি ভালো ঈদযাত্রা সফলভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হয়েছে। বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, সরকার সার্বক্ষণিকভাবে ঈদযাত্রা মনিটরিং করছে। যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় কিছু যানজট ও ধীরগতি থাকলেও তা স্বাভাবিক। কারণ সাত লেনের যানবাহন একসঙ্গে দুই লেনে প্রবেশ করায় সেখানে গতি কমে যাচ্ছে। তবে সামগ্রিক ব্যবস্থাপনায় কোনো বড় সমস্যা নেই।
তিনি আরও বলেন, বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই নির্ধারিত ভাড়ায় তারা বাড়ি যাচ্ছেন। দেড় কোটি মানুষ দুই থেকে তিন দিনের মধ্যে ঢাকা ছাড়ছে। একই সময়ে প্রায় ৮০ লাখ কোরবানিযোগ্য পশুও পরিবহন করতে হচ্ছে। পরিবহন খাতের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করেই আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি।
বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কাউন্টার ও বাসস্ট্যান্ডের বাইরে কিছু অসাধু ব্যক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যাত্রীদের তাড়াহুড়োকে পুঁজি করে কেউ কেউ অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরিমানাও করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে কঠোর নজরদারি চলছে।
Leave a Reply