স্পেনের মধ্যাঞ্চলে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া পর্যন্ত দ্রুতগতির রেলপথে চলাচল বন্ধ রাখা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর টলেডো প্রদেশের উর্দা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর একটি ট্রেনের সংঘর্ষ হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় দুই ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে রেনফের ট্রেনে ৩৯৭ জন এবং ইরিওর ট্রেনে ১৪৭ জন ছিলেন। সংঘর্ষের ধাক্কায় কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢালে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে দুমড়েমুচড়ে যাওয়া বগি ও ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষের চিত্র প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
খবর পেয়ে পুলিশ, দমকলকর্মী, চিকিৎসাকর্মী ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের চিকিৎসার জন্য আশপাশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়।
স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা আদিফ দুর্ঘটনার পর মাদ্রিদ-আন্দালুসিয়া রুটে ট্রেন চলাচল স্থগিতের কথা জানায়। কী কারণে চলন্ত ট্রেনটি অন্য ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়াল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সূত্র: রয়টার্স, ইন্ডিয়া টুডে
Leave a Reply