তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে। শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির মধ্যে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পর বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর নেতৃত্বে সভা শুরু হয়।
সভায় গার্মেন্টসশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে লিখিত প্রস্তাব দাখিল করেছেন। এরপর শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা চলছে।
এর আগে দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছিল।
এদিকে শ্রমিকদের ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
Leave a Reply