1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ব্যর্থ কপ৩১, বড় চুক্তি ছাড়াই সমাপ্ত ইতিহাসের দীর্ঘতম জলবায়ু সম্মেলন

  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের ঐকমত্যে পৌঁছানোর কথা ছিল তুরস্কের আন্তালিয়ায়। কিন্তু কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে অর্থসহায়তা দেওয়ার প্রশ্নে শেষ পর্যন্ত একমত হতে পারেননি প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা। ফলে কোনো সমন্বিত চুক্তি ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১।

দুই সপ্তাহের আলোচনা শেষে গত শুক্রবার (২০ নভেম্বর) সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও মতবিরোধ দূর করতে আলোচনা গড়ায় রোববার পর্যন্ত। নির্ধারিত সময়ের প্রায় ৪৪ ঘণ্টা পরও সমঝোতা না হওয়ায় জাতিসংঘের ইতিহাসে দীর্ঘতম জলবায়ু সম্মেলন হিসেবে জায়গা করে নিয়েছে এবারের আয়োজন।

এবারের সম্মেলনে বিরোধের অন্যতম ইস্যু ছিল জীবাশ্ম জ্বালানি। সৌদি আরব ও রাশিয়াসহ তেল উৎপাদনকারী কয়েকটি দেশ চূড়ান্ত ঘোষণায় কয়লা, তেল ও গ্যাস থেকে সরে আসার সুস্পষ্ট প্রতিশ্রুতি রক্ষায় রাজি হয়নি। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র এবং আরও কয়েকটি দেশ এ ধরনের প্রতিশ্রুতি ছাড়া কোনো চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানায়।

এর আগে গত সোমবার প্রকাশিত প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ ছিল ছয়বার। কিন্তু তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তির মুখে পরবর্তী খসড়া থেকে শব্দবন্ধটি পুরোপুরি বাদ দেওয়া হয়। চূড়ান্ত প্রস্তাবে শুধু ২০২৩ সালের দুবাই সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে নেওয়া সিদ্ধান্তের পরোক্ষ উল্লেখ রাখা হয়েছিল। কিন্তু তাতেও আপত্তি কাটেনি।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আলোচনায় অংশ নেওয়া আয়ারল্যান্ডের মন্ত্রী ডারা ও’ব্রায়েন বলেন, জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই, এমন কোনো জলবায়ু চুক্তি গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরিদ্র দেশগুলোর অর্থায়ন নিয়েও অগ্রগতি হয়নি। উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল, অভিযোজন কার্যক্রমে অর্থসহায়তার সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। কিন্তু চূড়ান্ত প্রস্তাবে অর্থের পরিমাণ ও সরবরাহের নিশ্চয়তা না থাকায় হতাশা প্রকাশ করেন আফ্রিকার দেশগুলোর প্রতিনিধিরা। তাদের আশঙ্কা, জীবাশ্ম জ্বালানি নিয়ে বিতর্কে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন উপেক্ষিত হয়েছে।

সম্মেলনের ব্যর্থতায় গভীর হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট প্রভাবশালী গোষ্ঠীগুলোর সমালোচনা করে তিনি বলেন, এসব গোষ্ঠী বড় তামাক কোম্পানির মতোই বিজ্ঞানের তথ্য বিকৃত করছে, নীতিনির্ধারণে বিলম্ব ঘটাচ্ছে এবং কার্যকর পদক্ষেপে বাধা দিচ্ছে। অথচ তাদের মুনাফার মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত কপ১৫ সম্মেলনের পর এই প্রথম কোনো কপ সম্মেলনের মূল রাজনৈতিক সমঝোতা ভেস্তে গেল। যদিও সম্মেলনে কিছু পৃথক উদ্যোগ নিয়ে অগ্রগতি হয়েছে, কিন্তু জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অমীমাংসিতই থেকে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park