প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়েছে। গণভবনে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। এসময় শিক্ষা প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পিছনে ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখছে। শিক্ষার প্রতি শৃঙ্খলার পাশাপাশি ছেলেমেয়েদের মধ্যে আগ্রহ ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। শুধু সাদাসিধে এমএ, বিএ পাস করলেই হবে না, বিশ্ব পরিমন্ডলের সাথে টিকে থাকার উপযোগী শিক্ষাই সরকার দিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী।
শিক্ষায় সরকারের নানামুখী পদক্ষেপের কথাও উল্লেখ করে তিনি বলেন, ৬০ দিনের মধ্যে ফল ঘোষণা, সরকার একটা নিয়মের মধ্যে আনতে সক্ষম হয়েছে। স্বাক্ষরতার হার বর্তমানে ৭৬ শতাংশ বলেও জানান। তবে শিক্ষা থেকে ছাত্ররা কেনো কমে যাচ্ছে, তার কারণ খুঁজে বের করার তাগিদ দেন সরকার প্রধান।
কৃতকার্যদের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী ফেল করা শিক্ষার্থীদের গাল মন্দ না দিয়ে মনোযোগ দিয়ে পড়াশুনার ব্যাপারে অভিভাবকদের আগ্রহী করে তোলার ব্যাপারে আহ্বান জানান।
Leave a Reply