জাহাজ এমভি আবদুল্লাহ জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার প্রায় এক মাস পর সোমবার (১২ মে) দেশে এসে পৌঁছেছে। এদিন সন্ধ্যা ছয়টায় পণ্যবাহী জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে রাখা হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে জাহাজটির ২৩ নাবিকের আজ মঙ্গলবার (১৪ মে) ঘরে ফেরার কথা রয়েছে।
এমভি আবদুল্লাহ জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ সংবাদ মাধ্যমকে জানান, জাহাজটি সোমবার কুতুবদিয়ায় বন্দর জলসীমায় নোঙর করা হয়েছে। নাবিকেরা সবাই সুস্থ আছেন। আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার আমরা ছোট জাহাজে করে চট্টগ্রামে বন্দর জেটিতে পৌঁছানোর আশা করছি।
এর আগে গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা। এরপর মুক্তিপণ দিয়ে ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। তারপর জাহাজটি প্রথমে আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল জাহাজটি। এরপর ১৩ দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায়।
দীর্ঘ অপেক্ষার পর আজ বাড়ি ফিরবেন এমভি আব্দুল্লাহ জাহাজের ২৩ নাবিক। এজন্য ২৩ নাবিকের পরিবারে চলছে নানা আয়োজন। নিজ নিজ পরিবারে নাবিকদের জন্য চলছে পছন্দের রান্নাও।
এমভি আব্দুল্লাহ জাহাজের প্রধান কর্মকর্তা মো. আতিক উল্লাহ খানের স্ত্রী ফিরোজা আজমিন মিনা। নাবিকদের আসার খবর নিয়ে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘এতদিন অপেক্ষায় ছিলাম কবে দিনটি আসবে। অবশেষে ঘনিয়ে এসেছে। সোমবার সকালেও তার সঙ্গে কথা হয়েছে। বলেছে, আগামীকাল (আজ) বিকেলের দিকে বাড়ি ফিরবে। আমার কী যে আনন্দ লাগছে, তা বলে বোঝাতে পারব না।’
Leave a Reply