ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বুধবার (৫ জুন) রাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে শেখ হাসিনাকে শপথ অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানান।
বুধবার রাতে শেখ হাসিনার সাথে টেলিফোনে আলাপের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নুরএলাহি মিনা।
তিনি জানান, টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এনডিএ বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা।
এসময়, বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সুপ্রতিবেশি সুলভ সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিজয়ের মধ্য দিয়ে ভারতের জনগণ আরও এগিয়ে যাবে। এর আগে এনডিএ’র বিজয়ে অভিনন্দন জানানোয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী।
Leave a Reply