আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অভিযোগ করেছেন, তরুণ শিক্ষার্থীদের আন্দোলনকে পুজি করে অপরাজনীতি ও ষড়যন্ত্র করছে বিএনপি-জামাত।
শুক্রবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্ট। এরফলে হাইকোর্টের রায়ের কার্যকারিতা না থাকলেও শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক। শিক্ষার্থীদের আন্দোলনের ওপর মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তিরা ভর করেছে বলে অভিযোগ করেন তিনি। কাদের বলেন, এর মধ্যদিয়ে প্রমাণ হয় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোন গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে।
তিনি বলেন, যেকোন আন্দোলন হলেই বিএনপি ও তার দোসররা সেটাকে হাতিয়ার করে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখে। ক্ষমতায় থাকতে দুর্নীতি, লুটপাট করায় তাদের ওপর জনগণের আস্থা নাই উল্লেখ করে তিনি বলেন, এ কারণে জনগণ তাদের প্রত্যাখান করেছে। সেকারণেই অরাজনৈতিক আন্দোলনকে পুজি করে দলটি অপরাজনীতিতে নামে বলে অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
Leave a Reply