কোটা আন্দোলনকারীদের ওপর মারধরের প্রতিবাদে পদত্যাগ করেছেন দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেত্রী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নুসরাত জাহান সৌরভী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরিন জান্নাত তায়রু সোমবার (১৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদ কাউসারের ওপর ছাত্রলীগ কর্তৃক মারধরের ঘটনার প্রতি নিন্দা জানিয়ে নুসরাত জাহান সৌরভী এ পদত্যাগের ঘোষণা দেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নিজ ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট তিনি উল্লেখ করেন, ‘নওয়াব ফয়জুন্নেছা হল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি লজ্জিত যে আমি এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম।’
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরিন জান্নাত তায়রু ফেসবুকে এক পোস্ট উল্লেখ করেন, ‘আমি আমরিন জান্নাত তায়রু, প্রচার সম্পাদক বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় পদ থেকে সজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। এই পদে আর সংগঠনে আমার কোনো পরিচয় নাই, বরং ঘৃণিত হবো নিজের কাছেই লজ্জিত হবো।’
Leave a Reply