রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ আগস্ট) সেখানে গিয়ে তিনি বাংলাদেশের সকল মানষকে এক পরিবার বলে উল্লেখ করেন।
উপস্থিত হিন্দু ধর্মবলম্বীদের উদ্দেশ করে প্রধান উপদেষ্টা বলেন, নিজেদের সংখ্যালঘু, অমুক-তমুক বলে শ্রেণিবিভাগ না করে বলেন আমরা এই দেশের মানুষ, আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করা হোক। সব সরকারের কাছে এটাই চাওয়ার পরামর্শ দেন তিনি।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুক-ই-আজম বীর প্রতীক। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বঙ্গভবনে ওই শপথ অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। বেলা ১১টার পর বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবু্দ্দিন। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টাই শপথ নিলেন।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর বৃহস্পতিবার (৮ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন।
Leave a Reply