বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য সহযোগিতার সব দরজা খোলা আছে বলে আশ্বস্ত করেছে জাতিসংঘ। জানানো হয়েছে, বাংলাদেশে জাতিসংঘের তদন্ত নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন বিশ্বসংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।
জাতিসংঘ সদর দফতরে নিয়মিত ব্রিফিং আর ই-মেইলের জবাবে বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো খোলাসা করেন মহাসচিব আন্তেনিও গুতেরেসের উপ মুখপাত্র ফারহান হক। ছাত্রদের বিক্ষোভে বর্বরতার তথ্য-উপাত্ত সংগ্রহে জাতিসংঘ তদন্ত দলের ঢাকা সফরের বিষয়ে ব্রিফিংয়ে সংক্ষিপ্ত জবাব দিলেও ই-মেইলে বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি।
তিনি জানান, জাতিসংঘের সমর্থনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ড. ইউনূস ও মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। এক্ষেত্রে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেন তারা। তুর্ক আশ্বস্ত করেন, জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সার্বিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ, যা মানবাধিকার সংরক্ষণের বিষয়টি জোরদারে সহায়ক হবে। অপর এক প্রশ্নে মুখপাত্র মনিকা গ্রেইলে জানান, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ডেনিস ফ্রান্সিসের দরজা ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের জন্য খোলা। বাংলাদেশের জন্য অব্যাহতভাবে কাজ করে যাবেন ডেনিস ফ্রান্সিস।
Leave a Reply