বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, হত্যা চেষ্টা মামলায় ফেনী থেকে ছাত্রলীগ নেতা সিয়ামকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে নওগাঁ জেলার সদর থানার দক্ষিন পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট দুপুরের রাজশাহী মহানগরীর আলোপট্টি মোড়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্রসহ হামলা চালায়। সেসময় তার নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর গুলি চালালে শহীদ হন শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব অনজুম নামের দুই শিক্ষার্থী। এ ঘটনায় ডাবলু সরকারসহ বেশ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন দুই শহীদ শিক্ষার্থীর স্বজনরা।
এদিকে, ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং হত্যা চেষ্টা মামলার আসামি ছাত্রলীগ নেতা সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। সকালে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র্যাব। ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলনে অভিযুক্ত সিয়ামের গুলিতে বাম চোখের দৃষ্টিশক্তি হারান ওয়ার্কশপ কর্মচারী আবদুল হান্নান। এ ঘটনায় ভিকটিম আবদুল হান্নান বাদি হয়ে ফেনী মডেল থানায় মামালা করে।
Leave a Reply